
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ২:০৫ এ.এম
ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে ই-গেট সেবা এবং পর্যটক ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
শনিবার (২৪ মে) বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ড এজেন্টস (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সব সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন বন্দরে সিঅ্যান্ডএফ তথা সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানিসহ সব দাফতরিক কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।
এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ যথারীতি খোলা থাকবে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এই ছুটির দিনগুলোতেও উভয় দেশের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
স্থলবন্দরের ই-গেটের কম্পিউটার অপারেটর রশিদ রানা জানান, ছুটির দিনগুলোতেও ই-গেট কার্যক্রম সম্পূর্ণ সচল ও খোলা থাকবে, যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পেতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution