
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উৎসব বাবদ ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেন আয়োজনের প্রধান অতিথি সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাকিব হাসান। এ সময় সিটি প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বগ্রহণের পর একটা পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেছেন।
তার মধ্যে অন্যতম পরিচ্ছন্নতা কর্মীদের মূল্যায়ন। প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের কষ্ট ও শ্রমকে মূল্যায়ন করেন বলেই ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের পর এবার ঈদুল আযহাতেও ঈদ উপহার প্রদান করছেন।
প্রধান অতিথি আরো বলেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী ও স্বচ্ছল করার জন্য কাজ করছে সরকার। সংকটময় পরিস্থিতি এবং নাজুক অর্থনীতিতে রাষ্ট্রের যে সীমাবদ্ধতা রয়েছে, তা মেনে আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাঈম হাসান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ রসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে উপহারের চেক হাতে পেয়ে অনুভূতি প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মী বুলবুল আহমেদ ও হাসনা বানু তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের ৫ হাজার টাকা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সাফল্য কামনা করি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution