
বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন অভিনয়শিল্পী এম কে এইচ পামির। ঈদ উপলক্ষে নিজ জেলা পাবনায় গিয়ে অসুস্থ শেলীর সঙ্গে দেখা করেন তিনি। পরে ফেসবুকে একটি পোস্টে অভিনেতার অসুস্থতার বিষয়টি সবার সামনে তুলে ধরেন।
পামির লিখেছেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে।
স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তার সুস্থ হতে অনেক সময় লাগবে।’ অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরো লেখেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে।’ তিনি লেখেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, ঈদে বাড়িতে যাব এবং শেলী ভাইকে দেখতে যাব, ইনশাআল্লাহ। শেলী ভাইয়ের বাড়িতে আমাকে দেখার পর তিনি যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি; আপনি আসছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে বলেই কেঁদে ফেললেন।’
শেলীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কীত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘দুই দিনের দুনিয়া’ তেও অভিনয় করেছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution