
দক্ষিণী মেগাস্টার রাম চরণ এবং বলিউড বিউটি জাহ্নবী কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেড্ডি’ মুক্তি পাচ্ছে আজ। সিনেমা মুক্তির ঠিক আগের মুহূর্তে এর একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কড়া নিরাপত্তা ভেঙে হঠাৎ করেই এক অন্ধ ভক্ত মঞ্চের নিচে বসা রাম চরণের দিকে উন্মাদের মতো ছুটে আসেন। আর তাতেই পাশে বসে থাকা জাহ্নবী কাপুর মারাত্মক ভয় পেয়ে যান। ক্ষণিকের জন্য পুরো অনুষ্ঠানস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রথম সারিতে পাশাপাশি সোফায় বসেছিলেন রাম চরণ এবং জাহ্নবী কাপুর। চারিদিকে তখন বাউন্সার এবং সিকিউরিটির কড়া পাহারা। কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে এক অনুরাগী হঠাৎ করেই দৌড়ে রাম চরণের একদম গায়ের কাছে চলে আসেন। এই আকস্মিক হানায় রাম চরণ নিজেকে সামলে নিলেও, পাশে থাকা জাহ্নবী কাপুর এতটাই চমকে যান যে তার মুখের এক্সপ্রেশন পুরোপুরি বদলে যায়। তিনি বেশ কিছুক্ষণ ভয়ার্ত চোখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন। অবশ্য সিকিউরিটি কর্মীরা তৎক্ষণাৎ ওই ভক্তকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাধারণত বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবি মুক্তির দু-তিন দিন আগে একটি ‘রিলিজ ট্রেইলার’ বা ফাইনাল ট্রেইলার প্রকাশ করার চল রয়েছে। তবে ‘পেড্ডি’র ক্ষেত্রে নির্মাতারা একদম উল্টো পথে হাঁটছেন। তেলুগু সিনেমা পোর্টালগুলোর খবর অনুযায়ী, অস্কারজয়ী এ আর রহমানের মিউজিক এবং বুচি বাবু সানার পরিচালনায় তৈরি এই ছবির আর কোনো নতুন ট্রেইলার আসবে না। দর্শক যা দেখার প্রথম ট্রেইলারেই দেখেছেন, বাকি চমক দেখতে হলে সরাসরি ৪ জুন প্রেক্ষাগৃহেই যেতে হবে। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের ব্যাকড্রপে তৈরি এই স্পোর্টস-ড্রামা সিনেমায় রাম চরণকে দেখা যাবে এক অনন্য অবতারে।
তিনি একই সাথে একজন তুখোড় ক্রিকেটার, কুস্তিগীর এবং অ্যাথলিট। জেলার গর্ব ‘পেড্ডি’ কীভাবে সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা ও বাধা পেরিয়ে খেলার মাঠে এবং নিজের জীবনে লড়াই করে সফল হন, সেই গল্পই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে জাহ্নবী কাপুর ছাড়াও বোমান ইরানি, শিব রাজকুমার এবং দিব্যেন্দু শর্মার মতো তারকাদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এখন দেখার বিষয়, ট্রেইলারের এই ধামাকা বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে!
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution