
ব্রাজিলের কিংবদন্তি ১০ নম্বর জার্সি নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সির প্রকৃত মালিক নেইমার এবং সেটি তার কাছেই ফিরে যাবে।
ব্রাজিলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কাজেটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে আমি কোন নম্বর পরব, তা এখনো জানি না। তবে ১০ নম্বর জার্সি নেইমারের, এটা একেবারেই স্পষ্ট।’ ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি বিভিন্ন সময়ে পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও রাফিনিয়া। তবে চোট কাটিয়ে নেইমার জাতীয় দলে ফেরায় বিশ্বকাপে আবারও তার গায়েই দেখা যাবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সির আলাদা মর্যাদা রয়েছে। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো ও কাকার মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন।
এবার নেইমার ইতিহাস গড়তে যাচ্ছেন চারটি ভিন্ন বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা প্রথম ফুটবলার হিসেবে। ৩৪ বছর বয়সী নেমার বর্তমানে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। দীর্ঘ চোটের পর সান্তোসের হয়ে দারুণ ফর্মে ফিরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে ভিনিসিয়ুসের নতুন জার্সি নম্বর নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদে তিনি ৭ নম্বর জার্সি পরেন এবং বিশ্বকাপেও সেই নম্বরটি পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া ২০ নম্বর জার্সিও একটি সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution