
প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:০৬ পি.এম
বদলির আদেশের সময়সীমা পেরিয়ে গেলেও কাউনিয়া ইউএনও কার্যালয়ে বহাল তবিয়তে আকমল

রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেনের বদলির আদেশ হলেও এক 'অদৃশ্য শক্তির' জোরে তিনি নিজ কর্মস্থলেই বহাল রয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি তা করেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুন রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেনকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। আদেশ অনুযায়ী, ৩ জুন অপরাহ্নের (বিকেলের) মধ্যে তাকে বর্তমান কর্মস্থল অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও আকমল হোসেন কাউনিয়া কার্যালয় ছাড়েননি। স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, এক অদৃশ্য মহলের জোরালো তদবির ও খুঁটির জোরে তিনি প্রশাসনিক আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের কর্মস্থলেই অবস্থান করছেন। সরকারি আদেশ অমান্য করে তার এভাবে থেকে যাওয়া নিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রশাসনিক আদেশ অমান্য করে কর্মস্থলে অবস্থান করা বিষয়ে জানতে চাইলে উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেন জানান, আমার ফাইল রেডি করে দিয়েছি ইউএনও স্যার ছাড়পত্র দিলে আমি চলে যাবো, তিনি আরোও জানান স্যার আমাকে ছাড়পত্র দিচ্ছে না জুন মাস ক্লোজিং তাই এ মাসের শেষে পর্যন্ত থাকতে বলে।
এ বিষয়ে জানতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে এখনো রিলিজ করা হয়নি, তার হাতে কিছু কাজ আছে কাজ শেষ হলে তাকে রিলিজ দেওয়া হবে, তবে কবে এবং কতদিন পরে রিলিজ দেওয়া হবে তা স্পষ্ট করে বলেননি।
রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলমের কাছে বদলি হওয়া কর্মকর্তা কেন এখনো অবমুক্ত হননি বা নতুন কর্মস্থলে যাননি, সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখতেছি সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
একটি সরকারি আদেশ জারির পরও কীভাবে একজন কর্মকর্তা নির্ধারিত সময়ে অবমুক্ত না হয়ে একই কর্মস্থলে বহাল থাকেন, তা নিয়ে উপজেলার প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution