
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুই দিনের উচ্ছেদ অভিযানের প্রথম দিন গতকাল সোমবার (৮ জুন) শহরের গোলাহাট ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
অভিযানের শুরুতেই শহরের গোলাহাট এলাকার একটি বিশাল জলাশয় দখল করে গড়ে উঠা ছয়টি বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় থাকা ১০টি দোকানও উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান আজ মঙ্গলবার পর্যন্ত চলবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
অভিযানকালে সৈয়দপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম, পার্বতীপুর রেলওয়ে কানুনগো মহসিন আলী, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম এবং পার্বতীপুর রেলওয়ের আরএনবি প্রধান আহসান হাবিব উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রেলওয়ে কর্মকর্তাবৃন্দ, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, গোলাহাটের জলাশয়টি রেলওয়ের নিজস্ব সম্পত্তি। এটি ভরাট করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী নির্দেশনার আলোকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।
সৈয়দপুরে রেলওয়ের জলাশয়, কোয়ার্টার, পতিত জমি কিংবা কৃষি লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণসহ সব ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution