
বলিউডের ‘আনজাম’ (১৯৯৪) সিনেমায় শাহরুখ খান অভিনীত বিজয় অগ্নিহোত্রীর যে বাড়ি দেখা গেছে, সেখানেই শুরু হয়েছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর ক্যারিয়ার! ‘আনজাম’-এ ‘বড়ি মুশকিল হ্যায়’ গানে বাড়িটি দেখানো হয়। মুম্বাইয়ের ওই বাড়িতে ‘ব্রিজ বিউটি সোপ’ নামের একটি সাবানের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন তিনি। এটাই ছিল তার প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে এই চমকপ্রদ তথ্য জানিয়েছেন তিনি।
অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয় ক্যারিয়ারের বয়স ২৭ বছর। তবে অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার আগে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে নাম লেখান তিনি। পডকাস্টে সুমাইয়া শিমু জানালেন, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন তিনি। বড় পর্দায় এটাই তার একমাত্র কাজ। পরবর্তী সময়ে মতিন রহমান, এফ আই মানিক, শাহীন সুমনসহ একাধিক পরিচালকের মূলধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও টিভি নাটকে ব্যস্ততার কারণে পা বাড়াননি তিনি।
পিএইচডি ডিগ্রীধারী সুমাইয়া শিমু বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে নিজের প্রতিষ্ঠানের হয়ে মানুষের পাশে, বিশেষ করে নারীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে না বলা অনেক কথা পডকাস্টে তুলে ধরেছেন তিনি। শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution