
“শিশু শ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” প্রতিপাদ্যে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অুনষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচির আয়োজন করে টিআইবি-সনাক। এতে সভাপতিত্ব করে সনাক সভাপতি আকতারুল আলম রাজু।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়েস দলনেতা সাখাওয়াত হোসেন, সহ-দলনেতা বর্ষা প্রামানিক, ইয়েস সদস্য আব্দুল কুদ্দুস উৎস ও কুমারী বৃষ্টি রানী রায়, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান। সভাপতির বক্তব্যে আকতারুল আলম রাজু বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য নীতিগত অঙ্গীকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শিশুশ্রম এখনো একটি গভীর ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের উপস্থিতি অপ্রাতিষ্ঠানিক খাতের আধিপত্য, দারিদ্র্য ও সুশাসনের ঘাটতির বিষয়টিকে স্পষ্টভাবে তুলে ধরে। এ পরিস্থিতি মোকাবিলায় কাঠামোগত সংস্কার জরুরি।
কর্মসূচিতে টিআইবির পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নির্মূলে সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান জানান, আন্তর্জাতিক পরিমন্ডলে শিশু শ্রমিকদের দুর্দশা এবং তাদের প্রাপ্য সুরক্ষার বিষয়টি সকল অংশীজনকে স্মরণ করিয়ে দিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সালে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ প্রবর্তন করে, যা প্রতি বছর ১২ জুন পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution