
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:২৭ পি.এম
ফুলবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুবেল ইসলাম ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত যুবকের চাচা আনারুল ইসলাম।
জানা গেছে, গত ১৩ জুন বিকালে রুবেল বাড়ী থেকে মোটরসাইকেলে করে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন।
পথে পশ্চিম ফুলমতি এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। অপর মোটরসাইকেলে থাকা যুবক বালারহাট বাজার থেকে গোরকমন্ডলে যাচ্ছিল। দুর্ঘটনায় উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রুবেলের শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অপর আহত মোটরসাইকেল আরোহী মনিন্দ্র চন্দ্র মন্ডলকে রংপুরের ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকালে রুবেলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
নিহতের চাচা আনারুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, বিকালের মধ্যে রুবেলের মরদেহ ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্য নিয়ে আসা হবে। স্থানীয় ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল বলেন, “রুবেল আমার প্রতিবেশী। তার মৃত্যুর খবর শুনে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার বাবা-মা ও দাদা-দাদি শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। অপর যুকক আমার ভাতিজা এখনো আশঙ্কাজনক অবস্থায় রংপুর ডক্টর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যুর বিষয়টি ঢাকা থেকে জানিয়েছে। এরপর শুক্রবার দুপুরে নিহতের বাবা থানায় এসে বিষয়টি অবগত করেছেন। তবে এখন পর্যন্ত মরদেহ এলাকায় পৌঁছেনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution