
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:৫৯ পি.এম
গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাঁধা দেয়ায় মারধর :থানায় মামলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মাদক সেবন ও ধূমপানে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিত হামলায় স্কুল পরিচালকের ছোট ভাই গুরুতর আহত হয়েছেন । ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই যুবক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো. শিহাব আব্দুল্লাহ আরাফাত উপজেলার বেতগাড়ী ইউনিয়নের কিসামত শেরপুর এলাকার বাসিন্দা। তিনি শবনম শেহনাজ চৌধুরী আইডিয়াল মডেল স্কুলের পরিচালক মো. জিহাদ-আল-মাসুদের ছোট ভাই এবং একই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল মাঠে স্থানীয় কয়েকজন যুবক প্রয়াই ধূমপান ও মাদক সেবন করে আসছিল। বিষয়টি নিয়ে স্কুল পরিচালক ও তার ছোট ভাই একাধিকবার বাধা দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার স্বার্থে এসব কার্যক্রম বন্ধ করতে বলেন ।
এরই জেরে অভিযুক্তরা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পূর্ব শত্রুতার সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তারা সুযোগ বুঝে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে বলে দাবি করা হয়। ১৮ জুন রাত আনুমানিক ৮টার দিকে স্কুলের অভ্যন্তরে অফিস কক্ষে পরিচালক ও তার ছোট ভাই বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর শিহাব আব্দুল্লাহ আরাফাত পান আনার জন্য স্কুলের বাইরে যান। তিনি স্কুলের প্রধান ফটক অতিক্রম করে ফেরার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ফেলে।
এ সময় তারা ধারালো অস্ত্র (ছোড়া) নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার মাথার পেছনে জোরালো আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে প্রথমে আশপাশে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা উদ্বেগজনক এবং এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। ভুক্তভোগী পরিবার গঙ্গাচড়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।পাশাপাশি এই ঘটনাকে ঘিরে এলাকার সচেতন মহলের মধ্যে ইতোমধ্যেই মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে মানবতার দিশারি যুব ফাউন্ডেশনের উদ্যোগে বেতগাড়ি , পাকুড়িয়া ও বকশিগঞ্জ বাজারে মাদকের কুফল ও মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।
এ বিষয়ে আলোর দিশারি ফাউন্ডেশনের সভাপতি হারন -অর - রশিদ বলেন,আমরা সাংগঠনিক ও সামাজিকভাবে মাদকের বিপক্ষে কাজ করছি এবং এই কাজ চলমান থাকবে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution