
বিশ্বকাপের শুরুতেই জমে উঠেছে গোলের লড়াই। কেউ হ্যাটট্রিক করেছেন, কেউ জোড়া গোল করে দলকে জিতিয়েছেন, আবার কেউ ধারাবাহিকভাবে গোল করে নিজের নাম তুলেছেন আলোচনায়। ৪৮ দলের এই বিশ্বকাপে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার সোনালি জুতাটি কার পায়ে উঠবে—এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। ফুটবল বিশ্বের সেই আলোচনায় নিজের মতামত জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি কাকা। তার বিশ্বাস, এবারের গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা—কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়ুস জুনিয়র।
ইএসপিএন ইউকের সঙ্গে আলাপকালে কাকার কাছে জানতে চাওয়া হয়েছিল, চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের সবচেয়ে বড় দুই দাবিদার কারা? উত্তরে এক মুহূর্তও সময় নেননি ২০০৭ সালের ব্যালন ডি'অরজয়ী এই কিংবদন্তি। তিনি বলেন, ‘অবশ্যই এমবাপে, আর তারপর ভিনিসিয়ুস।’ কাকার এই পছন্দ মোটেও বিস্ময়কর নয়। দুজনই বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের অস্ত্রদের একজন। ম্যাচের গতি, পরিস্থিতি কিংবা প্রতিপক্ষের রক্ষণ—সবকিছু উপেক্ষা করে মুহূর্তের মধ্যে খেলার চিত্র বদলে দেওয়ার ক্ষমতা আছে তাদের। চলতি বিশ্বকাপেও তার প্রমাণ মিলেছে। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। আর্লিং হলান্ড, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপে করেছেন জোড়া গোল।
অন্যদিকে দুই ম্যাচে দুটি গোল করে ব্রাজিলকে জয়ের পথে রেখেছেন ভিনিসিয়ুস। তবে কাকার তালিকার শীর্ষে এমবাপের নাম থাকাটা সবচেয়ে স্বাভাবিক। কারণ বিশ্বকাপ এলেই যেন অন্য এক রূপে দেখা যায় ফরাসি অধিনায়ককে। বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে তার ধারাবাহিকতার তুলনা খুব কম ফুটবলারেরই আছে। অতিমানবীয় গতি, অসাধারণ ফিনিশিং আর রক্ষণভাগের ক্ষুদ্রতম ফাঁকও কাজে লাগানোর ক্ষমতা এমবাপেকে পরিণত করেছে ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্নে। তবে কাকার দ্বিতীয় পছন্দ ভিনিসিয়ুস জুনিয়রও পিছিয়ে নেই। ব্রাজিলিয়ান উইঙ্গারের খেলায় এখন আগের চেয়ে অনেক বেশি পরিণতি এসেছে। তার গতি, ড্রিবলিং, ফিনিশিং এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা বরাবরই ছিল। কিন্তু এখন সেই সঙ্গে যুক্ত হয়েছে আরও ভালো মুভমেন্ট এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution