
পঞ্চগড়ে তরুণ আলেমদের নবগঠিত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘আলোর পথে ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ‘তেতুলতলা’ থেকে কালেমার পতাকা উড়িয়ে এবং এক বিশাল মটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রমের শুভ সূচনা করে। ঐতিহ্যবাহী তেতুলতলা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মটরসাইকেল শো-ডাউনটি বিভিন্ন উপজেলা ঘুরে জেলা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তরুণ আলেম ও স্থানীয় ধর্মপ্রাণ যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক জান্নাতুল বারী মানিক এবং সদস্য সচিব হাফেজ ক্বারী আব্দুল কাদের পঞ্চগড়-এর সার্বিক তত্ত্বাবধানে শো-ডাউনটিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুফতি ইব্রাহিম খলিল, হাফেজ নুর ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম, এবং সদস্য হাফেজ মনির হোসেন মাহাদী ও মাওলানা হামিদুল ইসলাম। উদ্বোধনী যাত্রায় নেতৃবৃন্দ জানান, সংগঠনের মূল নীতিমালা মেনে সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্মের যাত্রা।
তেঁতুলিয়ার এই পুণ্যভূমি ও ঐতিহাসিক তেতুলতলা থেকে শুরু হওয়া তাদের এই পথচলা পুরো পঞ্চগড় জেলায় কোরআন ও সুন্নাহর আলোকে একটি আদর্শ, নৈতিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ আলেমদের ঐক্যবদ্ধ করে দ্বীনি শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি বদ্ধপরিকর। গতকাল বিশাল এই মটরসাইকেল শো-ডাউনটি শান্তিশৃঙ্খলা বজায় রেখে ৫ উপজেলা ও জেলা শহরের মূল পয়েন্টগুলো প্রদক্ষিণ করার মাধ্যমে সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং সুধী মহলের প্রশংসা কুড়ায়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution