
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ রোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
বিশেষ অভিযানের নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউর রহমান। অভিযানকালে চাকিরপশার বিলের বিভিন্ন স্থানে স্থাপন করা ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল শনাক্ত করে তা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকার্য সম্পন্ন করে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হয়, যা প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি মাছের পোনাও আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ করায় জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জাল অপসারণ ও জব্দ করার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution