
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, জিআর চাল, চেক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান, ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে ৯শ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়াও ২ জনকে হেয়ারিং এইড, ২ জনকে কর্নার চেয়ার ও ৫ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কোনো অসহায় মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানা ধরনের ভাতা, সহায়ক উপকরণ ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করছে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-বিরামপুর সার্কেলের এএসপি নিয়ামত উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution