
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ৮:১৭ পি.এম
যুবসমাজকে সুস্থ ধারায় ফেরাতে গজঘণ্টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং সচেতনতা তৈরির লক্ষ্যে গজঘণ্টা এম এ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
৬ নং গজঘন্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদ এর উপদেষ্টা সাংবাদিক মো. মাহাফুজার রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমল কান্ত রায়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল কিবরিয়া, গজঘণ্টা হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল মো. শাহিদুল ইসলাম লেবু, গজঘণ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী, ওসমান লাইব্রেরি অ্যান্ড কসমেটিক্সের পরিচালক ওসমান গনি এবং এম এ স্পোর্টিং ক্লাবের সভাপতি মশিউর রহমান।
বক্তারা বলেন, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন সুদুর আমেরিকায় থাকলেও আজকের এই আয়োজনের মধ্যমে বুঝতে কষ্ট হচ্ছে না তিনি গঙ্গাচড়াকে নিয়ে কতটা ভাবেন এবং গঙ্গাচড়ার প্রতি তাঁর আন্তরিকতা কতখানি।এরকম আয়োজনের পৃষ্ঠাপোষকতার জন্য তাকে ধন্যবাদ জানাই। তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখা সম্ভব। এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা। খেলায় গঙ্গাচড়া স্পোর্টস একাডেমিকে ২ শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গজঘণ্টা এম এ স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সকালের বাণী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution