
বিশ্বকাপের আসল লড়াই এবার শুরু হচ্ছে। গ্রুপ পর্বের ৭২টি ম্যাচ শেষে মাঠ ছেড়েছে ১৬টি দল। বাকি ৩২ দল এখন নকআউট পর্বে ‘বাঁচা-মরার’ লড়াইয়ে নামবে। প্রতিটি ম্যাচেই আর কোনো ভুলের সুযোগ নেই, এক হারেই বিদায়।
এবারের আসর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে মোট ১০৪ ম্যাচের টুর্নামেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে অসাধারণ উত্তেজনা, গোলবন্যা আর অপ্রত্যাশিত ফলাফলে ভরপুর হয়ে। আর্জেন্টিনা-জর্ডান ও আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পর্দা নেমেছে।
৭২ ম্যাচে মোট ২১৫টি গোল হয়েছে, যা বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বকালের রেকর্ড। আগের আসরের পুরো টুর্নামেন্টের গোলসংখ্যাকেও এরই মধ্যে ছাড়িয়ে গেছে এবারের দলগুলো। আক্রমণাত্মক ফুটবল আর উন্মুক্ত খেলার কারণে দর্শকরা সত্যিকারের গোল উৎসব দেখেছেন।
আরও অবাক করা বিষয় হলো, ৪৮টি দলের মধ্যে মাত্র একটি দল পানামা; তিন ম্যাচ খেলেও একটি গোলও করতে পারেনি। বাকি ৪৭টি দলই গোলের দেখা পেয়েছে।
গোল করার তালিকায় সবার ওপরে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। তিন দলই করেছে ১০টি করে গোল। আর্জেন্টিনা ৮টি এবং ব্রাজিল ৭টি গোল করে তাদের পেছনে রয়েছে। নকআউটে এই দলগুলোর আক্রমণভাগ যে বড় ভূমিকা রাখবে, তা বলাই বাহুল্য।
গ্রুপ পর্বে তিনটি হ্যাটট্রিক দেখা গেছে। আর্জেন্টিনার লিওনেল মেসি প্রথম হ্যাটট্রিক করেন। এরপর কানাডার জোনাথান ডেভিড এবং ফ্রান্সের উসমান দেম্বেলে নাম লেখান হ্যাটট্রিকের তালিকায়। দেম্বেলের হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততমগুলোর একটি।
ব্যক্তিগত গোলদাতাদের লড়াইয়ে সবার ওপরে আছেন মেসি। তিনি করেছেন ৬ গোল। ৪ গোল করে পেছনে রয়েছেন হলান্ড, এমবাপে, দেম্বেলে ও ভিনিসিয়ুস।
অন্যান্য আকর্ষণীয় পরিসংখ্যান
ক্লিন শিটের কীর্তি গড়েছে মাত্র তিনটি দল স্পেন, মেক্সিকো ও সেনেগাল। আত্মঘাতী গোল হয়েছে ১২টি, যা আগের রেকর্ডের সমান। ৭২ ম্যাচে রেফারিরা দেখিয়েছেন ১৬৩টি হলুদ কার্ড ও ১০টি লাল কার্ড।
সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি ছিল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৮০ হাজার ৮২৪ জন। গ্রুপ পর্বের রোমাঞ্চ এখন শেষ। সামনে অপেক্ষা করছে নকআউট পর্বের টান টান উত্তেজনা। ১৯ জুলাই ফাইনালে কোন দল শিরোপা জিতবে, সেটা জানতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution