
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ৯:৪০ পি.এম
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের বন রুটিতে সবুজ ফাঙ্গাস

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য সবুজ ফাঙ্গাস (ছত্রাক) পড়া পচা বনরুটি পরিবেশনের অভিযোগ উঠেছে। সরকারি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া এই নিম্নমানের খাবার পরিবেশনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পেয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
স্থানীয় অভিভাবক গণ জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের টিফিন হিসেবে এই বনরুটি বিতরণ করা হয়। তবে আজ বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে রুটিগুলো হাতে পাওয়ার পর শিক্ষকগন দেখতে পান সেগুলোর ওপর সবুজ রঙের ফাঙ্গাস (ছত্রাক) পড়ে আছে।বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগম বলেন, "রুটিতে ফাঙ্গাস বা ছত্রাক দেখামাত্রই আমরা তাৎক্ষণিকভাবে রুটি বিতরণ বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ঘটনাটি জানতে পেরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম তাৎক্ষণিকভাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বর হোসেনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছি। তদন্ত "শিক্ষার্থীদের জন্য ফাঙ্গাস পড়া রুটি পরিবেশনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা তদন্ত প্রতিবেদন তৈরি করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।"
শিশুখাদ্য পরিবেশনকারী সংস্থা ESDO এর স্থানীয় প্রতিনিধি মনজু আলম বলেন মেয়াদ থাকা সত্ত্বেও বনরুটিতে সবুজ ফাঙ্গাস পড়ার কারণ কি তিনি বুঝতে পারছেন না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেননা বলে জানান।
অভিভাবকদের দাবি, কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সরবরাহকারী প্রতিষ্ঠান এবং এর পেছনে সংশ্লিষ্টদের গাফিলতি খতিয়ে দেখে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution