
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
সোমবার সকালে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ্ নেওয়াজ। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি উপকারভোগীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution