
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডবাসী ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে দিনাজপুর - রংপুর মহাসড়কের সৈয়দপুর ওয়াপদা মোড়ের গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। এ সময় তারা মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বিভিন্ন শ্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য অন্য্যাদের মধ্যে রাখেন সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর মোছা. সাবিয়া সুলতানা, নীলফামারীর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা মোড় উপকমিটির সভাপতি মো. আব্দুস সামাদ, সৈয়দপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. এরশাদ হোসেন, বিএনপি পৌর এক নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, সাবেক সেনা সদস্য মো. রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তারা আরও বলেন, সৈয়দপুরকে একটি নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সমাবেশ থেকে বক্তারা এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার নানা বয়সী বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution