
পানির নিচের অ্যাকশন দৃশ্যের শুটিং করলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। তার বহুল প্রতীক্ষিত নতুন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’য় দেখা যাবে এই দৃশ্য। নির্মাতাদের দাবি— বড় পরিসরে চিত্রায়িত ভারতের প্রথম নারীকেন্দ্রিক আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য এটি। অ্যাকশন-থ্রিলারটি নিয়ে দর্শকের আগ্রহ যখন ক্রমেই বাড়ছে, তখন এই ঘোষণা নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে।
‘মাইসা’য় রাশমিকাকে ক্যারিয়ারের অন্যতম কঠিন ও শারীরিকভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতারা।
এটি নির্মাণের ঘোষণা দেওয়ার শুরু থেকেই ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন অ্যাকশনধর্মী রূপ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। এবার আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্যের খবর সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
নির্মাতাদের দাবি, ভারতের প্রথম নারী নেতৃত্বাধীন আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সে রাশমিকার অংশগ্রহণ চোখধাঁধানো মনে হবে। গভীর জলের নিচে এমন এক লড়াইয়ে অংশ নিয়েছেন তিনি, যা ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি। প্রযোজনা সংস্থার মতে, এ দৃশ্য সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ।
তা ছাড়া এটি ভারতীয় সিনেমায় নির্মিত সবচেয়ে উচ্চাভিলাষী অ্যাকশন দৃশ্যগুলোর একটি। এর মাধ্যমে অ্যাকশন সিনেমার এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, ভারতীয় সিনেমায় আলোড়ন তুলতে যাচ্ছে এই যুগান্তকারী অ্যাকশন দৃশ্য। তার এই তাণ্ডব দেখতে উন্মুখ হয়ে উঠেছে ভক্তরা। জানা গেছে, পানির নিচে অ্যাকশন দৃশ্যের কাজে রাশমিকা কোনো ডামির সহায়তা নেননি। টানা দুদিনে এর শুটিং সম্পন্ন হয়। প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়ে কঠিন এই দৃশ্যের কাজ করেন তিনি।
রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কিন্তু আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটিই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে! আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে।’
‘মাইসা’ বড় বাজেটের অ্যাকশনধর্মী বিনোদনমূলক চলচ্চিত্র হিসেবে তৈরি হচ্ছে। পানির নিচের অ্যাকশন দৃশ্য, শক্তিশালী আবেগের গল্পসহ ‘মাইসা’ এরই মধ্যে অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে বলিউডে ‘ককটেল ২’ সিনেমায় রাশমিকা মান্দানার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এতে তার সহশিল্পী ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন। রাশমিকার হাতে এখন আরো আছে ‘রণাবালি’ নামের তেলুগু ভাষার একটি সিনেমা। এতে তার সহশিল্পী বিজয় দেবেরাকোন্ডা। বাস্তবে তারা এখন স্বামী-স্ত্রী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution