
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১২:২৯ এ.এম
তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধ ও কঠোর অবস্থানের মুখে তা ব্যর্থ হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, আজ ভোররাতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া মাঝিপাড়া বিওপির সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ‘নয়াবাড়ি বিএসএফ ক্যাম্প’-এর সদস্যরা ওই ১৩ জনকে জোর করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালালে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত বাধা দেয়। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, অনুপ্রবেশের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের ভেতরেই ছিল। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ফেরত নিয়ে গেছে। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কারও অবস্থান নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution