
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:৪০ পি.এম
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে (কসাই) ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার খড়িবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত নজরুল ইসলাম উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের বামনের খামার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খড়িবাড়ি বাজারে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট বা ভেটেরিনারি ছাড়পত্র ছাড়াই পশু জবাই করে মাংস বিক্রি করছিলেন ওই ব্যবসায়ী।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, উপজেলা অধিকাংশ মাংস ব্যবসায়ীর কোন প্রকার মেডিকেল সার্টিফিকেট বা ভেটেরিনারি ছাড়পত্র না থাকলেও তারা বছরের পর বছর এভাবেই মাংস বিক্রি করে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল ওয়াদুদ এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি কমিয়ে ভোক্তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, লাইসেন্স ও পশু চিকিৎসকের ছাড়পত্র ছাড়া পশু জবাই ও মাংস বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution