
রংপুরের বদরগঞ্জে অবৈধ মাদক, জুয়া ও লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সন্ধ্যায় পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির শাহ মুহাম্মাদ রোস্তম আলী, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক ও উপজেলা সেক্রেটারি মেনহাজুল ইসলামসহ দলটির নেতারা। বক্তারা অভিযোগ করে বলেন, মেলায় জুয়া ও লটারির আয়োজনের দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এড়াতে পারেন না। তারা দাবি করেন, একটি পক্ষ জামায়াতকে জড়িয়ে লটারির নামে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
মেলার সঙ্গে জামায়াতের কোনো নেতা-কর্মী জড়িত নন বলেও দাবি করেন তারা। সভা থেকে যে কোনো মূল্যে মেলার নামে চলা অবৈধ লটারি বন্ধের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ১৫ জুলাই বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাসিনানগর এলাকায় সেনাপল্লীতে ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। মেলা শুরুর পর থেকেই লটারির আয়োজন নিয়ে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা লটারি বন্ধের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। যে কোনো মূল্যে সর্বনাশা লটারির টিকেট বিক্রি প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ঘটনা অস্বীকার করে বলেন, ‘মেলায় লটারি অনুমোদন দেওয়ার অধিকার আমাদের নেই। লটারির টিকেট যেখানেই বিক্রি করা হবে। তাকে ধরে আইনের আওতায় নেওয়া হবে। এতে কোন ছাড়া হবে না।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution