
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে পার হয়ে চরে পাট কাটতে যাওয়ার সময় লিয়াকত মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তবে নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো মেলেনি সন্ধান। রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মণ্ডল চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুটিমারী হাঁটিথানা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে লিয়াকত মণ্ডল একটি হাঁড়ি সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন। কোলার মাঝপথে স্রোতের কারণে হাঁড়িটিতে পানি ঢুকে গেলে সেটি ডুবে যায়। এ সময় হাঁড়ির সঙ্গে তিনিও পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়ভাবে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।
তারা ডুবুরি দল পাঠানোর ব্যবস্থা করছেন। গতকাল থেকে খোঁজখুজির পরেও এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে চিলমারীতে ডুবরি দল থাকলে যথাসময়ে তারা ঘটনাস্থলে আসতে পারতো এবং নিখোঁজের সন্ধান পাওয়া যেত। স্থানীয় গণমাধ্যম কর্মী সাওরাত হোসেন সোহেল জানিয়েছেন, চিলমারী উপজেলা যেহেতু ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত।
সেহেতু এখানকার ফায়ার সার্ভিস অফিসে জরুরি ডুবুরি দল রাখা দরকার। কারণ এ ধরনের ঘটনা নদী তীরবর্তী স্থানে হরহামেশাই হয়ে থাকে। চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান বলেন, রবিবার বিকালে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না পাওয়ায় তারা ফিরে যান।
আজকে ঘটনাস্থলে আমাদের কোনো কার্যক্রম নেই। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে। তবে তাকে এখনো পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution