আগে উন্নয়ন শুধু একটি বুলি ছিল, এখন বাস্তবে উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। শনিবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে একটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের অঞ্চলে ছোট ছোট খামার আছে। তারা দুধ বাজারে নিয়ে আসলে রেগুলার ক্রেতা পায় না। শীতলীকরণ কেন্দ্রে দুধ সংরক্ষণ করা হবে। পরে তা বড় দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করতে পারবে। এতে খামারিরা দুধ বিক্রির একটি স্থায়ী বাজার পাবেন এবং ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
বেকার সমস্যা নিয়ে এমপি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা বেকার সমস্যা। দুধের সঠিক মূল্য পেলে খামার তৈরি করতে অনেকেই আগ্রহী হয়ে উঠবে। আর খামার করতে আগ্রহী হলে আমাদের বেকার সমস্যা অনেকটাই দূর হবে। খামারি যেন ধিরে ধিরে বৃদ্ধি পায় সেই জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি।
উন্নয়ন বাজেট প্রসঙ্গে ব্যারিস্টার হাসান রাজীব বলেন, অর্থবছরের শেষের দিকে গিয়ে বাংলাদেশ সরকার গঠন করেছে বিএনপি। আমরা যেগুলো বাজেট পেয়েছিলাম বা যেগুলো হাতে ছিল সেগুলো খুবই সামান্য। এবার বাজেট হয়েছে। আমরা আমাদের বরাদ্দ বেশি পাবো এবং বরাদ্দ নিয়ে আমরা আমাদের অঞ্চলের উন্নয়ন করবো।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সমাজসেবক এম. সাহেদুজ্জামান কোয়েল, স্থানীয় জনপ্রতিনিধি, খামারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে ফিতা কেটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।