সোমবার (৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয়ের আয়োজিত ভাতা ও কৃষি ঋণ চার সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনসহ আরও অনেকে।
একই স্থানে সরকারি ভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা, কৃষি ঋণের আবেদন গ্রহণের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ থাকায় সেবাপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
এই সেবামেলায় নারী-পুরুষ সকাল থেকেই ভিড় করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাতার আবেদন গ্রহণ করেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সেবা নিতে আসা মাহমুদা বেগম বলেন, এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় আমাদের সময় ও খরচ দুটিই সাশ্রয় হয়েছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।
আরেক বৃদ্ধা মপিজোন বেওয়া বলেন, দীর্ঘদিন ধরে ঘুরেছিলাম ইউনিয়নে পরিষদে তবুও আমার ভাতার কার্ড হয়নি। আজকে এখানে এসে বিধবা ভাতার আবেদন করলাম। এখানে এসে সুবিধা পেয়ে আমি খুশি হয়েছি।
প্রতিবন্ধী ভাতা করতে আসা তছলিম উদ্দিনের বাবা জাহেদুল ইসলাম বলেন, আমার ছেলের প্রতিবন্ধীর আবেদন করেছিলাম অনেক বার কিন্তু কোন সুবিধা পাইনি। এখানে মেলা হওয়ার কথা শুনে এসে বিনামূল্যে আবেদন করলাম।
এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন সকালের বানী কে বলেন, আজকের মেলায় সেবাগ্রহীতা এসে আবেদন করছেন। আমরা সকল কাগজপত্র যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করছি। সমাজসেবায় সেবা পেতে কোন টাকা পয়সা লাগেনা। আজকে বিভিন্ন এলাকা থেকে সুবিধা নিতে আসা সুবিধাভোগীদের সেবা দিতে আমরা কাজ করছি।