

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভাকে ঘিরে একপেশে আয়োজনের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী,জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এবং জুলাই আন্দোলনের সম্মুখসারির ছাত্র-জনতার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকলেও অন্যান্য রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক নেতারা অভিযোগ করেন,এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন জাতীয় দিবস ও সরকারি কর্মসূচিতেও দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী,এনসিপি এবং জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীদের উপেক্ষা করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মতে,রাষ্ট্রীয় কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্মকাণ্ডে সেই নিরপেক্ষতার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি,প্রশাসনের কার্যক্রম একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে,যা জুলাই গণঅভ্যুত্থানের অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
জুলাই আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় একাধিক ছাত্র প্রতিনিধি বলেন,যে জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও সংগ্রামের ভিত্তিতে আজকের এই দিবস পালিত হচ্ছে,সেই আন্দোলনের ছাত্র-জনতা এবং প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের বাদ দিয়ে অনুষ্ঠান আয়োজন অত্যন্ত হতাশাজনক। এটি আন্দোলনের প্রকৃত চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে।
এদিকে,অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও প্রশাসনের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ব্যাখ্যা এবং ভবিষ্যতে সব রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনের অংশীজনকে সম্পৃক্ত করে রাষ্ট্রীয় কর্মসূচি আয়োজনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution