
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৮:৩৬ পি.এম
ভূরুঙ্গামারীতে এক স্কুলে চার পরিক্ষাথীর কেউ পাস করেনি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২২টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ভূরুঙ্গামারী উপজেলায় একটি বিদ্যালয় রয়েছে।শূন্য পাস করা বিদ্যালয়টি হচ্ছে ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষায় অংশ নেন। সবাই অকৃতকার্য হয়েছেন।
ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। বিদ্যালয়টিতে প্রায় ২৪৫ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০১২ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। এবার চারজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।
প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, ‘প্রতিষ্ঠানটি নন এমপিও হওয়ায় দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে বিদ্যালয়ের পাঠদান চলছে। প্রতিষ্ঠানটি বালিকা বিদ্যালয় হওয়ায় অনেক শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়। এ কারণে পড়াশোনায়ও প্রভাব পড়ে। এবার প্রথমবারের মতো ফল বিপর্যয় হয়েছে। সংকট কাটিয়ে ওঠার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এবার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন। যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution