
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ২:৪৬ পি.এম
গৃহবধুকে নির্যাতনের অভিযোগে দেবীগঞ্জে গ্রেপ্তার ৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মান্তরিত হয়ে বিয়ে করায় এক গৃহবধূকে ঘরে ঢুকে মারধর, দাঁত ভেঙে দেওয়া, ব্লেড দিয়ে চুল কেটে দেওয়া এবং যৌনাঙ্গে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা-পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে ভুক্তভোগী কনিকা রায় ওরফে কুলসুম বেগম (৩৯) বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে চর সোনাপোতা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রাকিব ইসলাম (২৬), সোহেল রানা (২০), সাহেল খাতুন (৪০), সমসের আলী (২৮), আবুল হক (৫০) ও সুজন ইসলাম (১৯)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, কনিকা রায় গত ১২ জুন ইসলাম ধর্ম গ্রহণ করে কুলসুম বেগম নাম নেন। পরে দারগালী নামে এক ব্যক্তিকে বিয়ে করে চর সোনাপোতা আশ্রয়ণ প্রকল্পে বসবাস শুরু করেন। তাঁর ধর্মান্তর ও বিয়ে মেনে নিতে না পেরে গত ১০ আগস্ট রাতে আসামিরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় তাঁকে গালিগালাজ করার পাশাপাশি ধর্মান্তর ও বিয়ের হলফনামা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং তাঁর স্মার্টফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একপর্যায়ে রাকিব ইসলাম লোহার রড দিয়ে কুলসুমের মুখে আঘাত করলে তাঁর একটি দাঁত ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সোহেল রানা ব্লেড দিয়ে তাঁর মাথার চুলের অর্ধেক কেটে দেন বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়, কুলসুমের হাত-পা চেপে ধরে তাঁর যৌনাঙ্গে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন করা হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া হামলাকারীরা ঘরের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল ভাঙচুর ও লুট করে নিয়ে যায় বলে এজাহারে দাবি করা হয়েছে। একই সঙ্গে নগদ ৮৫ হাজার টাকা এবং প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ১১ মণ বাদাম নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। পরে তিনটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কুলসুমের স্বাক্ষর নেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
কুলসুম ও তাঁর স্বামীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত কুলসুমকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দেবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার প্রভাস চন্দ্র রায় বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
তবে মামলায় করা অভিযোগগুলো তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution