
নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও পরীক্ষায় অংশ নেওয়া সাধারণ পরীক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল বাতিলের দাবি তুলে নিরপেক্ষভাবে পুনর্বিবেচনার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে “সচেতন নাগরিক মহল”এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও অংশগ্রহণকারী পরীক্ষার্থী সহ সচেতন নাগরিকরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে পরীক্ষার্থী, আলামিন ইসলাম, আতাউর রহমান ও আরিফ হোসেন বক্তব্যে অভিযোগ করে বলেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড শুমারির জন্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ প্রার্থীরা সময় ও অর্থ ব্যয় করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলেও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দেয় বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রায় ২০ দিন ধরে ফলাফল প্রকাশ নিয়ে নানা ধরনের টালবাহানা করা হয়েছে। কখনো বলা হয়েছে ডিসি স্যার ফলাফল দেবেন, আবার কখনো অন্য কারণ দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। অবশেষে গত ২০ আগস্ট ফলাফল প্রকাশের পর তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
তাদের অভিযোগ, প্রকাশিত ফলাফলে নির্বাচিত, রিজার্ভ ও অপেক্ষমাণ তালিকায় বিএনপির নেতাকর্মী, তাদের স্ত্রী ও আত্মীয়স্বজনের নামই বেশি দেখা গেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। আবার কোনো কোনো ওয়ার্ডে পাঁচজনের বেশি নিয়োগ দেওয়া হলেও অন্য ওয়ার্ড থেকে কাউকে রাখা হয়নি—এমন অভিযোগও করেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা প্রকাশিত ফলাফলকে, অগ্রহণযোগ্য ও বিতর্কিত, আখ্যা দিয়ে তা বাতিল করে নতুন করে নিরপেক্ষভাবে ফলাফল পুনর্বিবেচনার দাবি জানান। তারা বলেন, সাধারণ পরীক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে যদি রাজনৈতিক পরিচয় ও স্বজনপ্রীতির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে সরকারি প্রকল্পের উদ্দেশ্যই ব্যাহত হবে।
দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution