
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৮:১৯ পি.এম
ডোমারে রাস্তা’র সীমানা নির্ধারণ ছাড়াই নির্মাণ কাজের অভিযোগে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডোমার শহর হতে চান্দিনাপাড়া সড়কের সীমানা নির্ধারণ না করেই ব্যক্তি মালিকানা জমিতে জবর দখল করে সড়ক নির্মাণ ও পরিমাপ ছাড়াই উন্নয়নমূলক কাজ পরিচালনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাওন আক্তার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাড়ী সংলগ্ন চান্দিনাপাড়া সড়কের প্রকৃত অবস্থান, প্রস্থ ও সীমানা যথাযথভাবে নির্ধারণ ও পরিমাপ ছাড়াই সড়কের সিসি ঢালাই কাজ পরিচালনা করা হচ্ছে। সরকারি রেকর্ড, মৌজা’র নকশা অনুযায়ী সীমানা নিশ্চিত না করে সরকারি সড়কের জমি বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধিন জমি দিয়ে নির্মাণ কাজ করায় প্রকৃত সীমানা নিয়ে বিরোধ ও জনভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
শাওন আক্তার বলেন, আমরা সরকারের উন্নয়নমূলক কাজের বিরোধী নই। তবে সরকারি রাস্তা বা জনসাধারণের চলাচলের পথের সঠিক সীমানা নির্ধারণ ছাড়া কোনো কাজ পরিচালনা করা হলে ভবিষ্যতে ভূমি বিরোধ, দখল সংক্রান্ত জটিলতা এবং সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে জরিপের মাধ্যমে রাস্তার বর্তমান ও প্রকৃত অবস্থান নির্ধারণ, মৌজা ম্যাপ, খতিয়ান, দাগ নম্বর ও সরকারি রেকর্ড যাচাই করে সীমানা নির্ধারণ, সরকারি আমিন বা সার্ভেয়ার দিয়ে সরেজমিনে রাস্তার প্রস্থ ও উভয় পাশের সীমানা পরিমাপ এবং পরিমাপ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিতর্কিত অংশে কাজ স্থগিত রাখা।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এবং প্রশাসন, ভূমি অফিস, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও সংশিষ্ট প্রকৌশল বিভাগকে নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution