
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৩:৫৪ পি.এম
দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব রায় উপজেলার পামুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাটুন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় আলু ব্যবসায়ী। আহত শুভ্রদেব রায় একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বিপ্লব রায় লক্ষীরহাটের একটি কোল্ড স্টোরেজ থেকে বের হয়ে কালুরহাট এসবি-২ কোল্ড স্টোরেজের দিকে যান। সেখানে পিকনিকের খাবার খেয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে দেউনিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বিপ্লব রায় ও শুভ্রদেব রায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত শুভ্রদেব রায়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিপ্লব রায়ের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution