

আজ পপির জন্মদিন। বিশেষ এই দিনটিও এবার কাটছে অনেকটা নীরবেই, পরিবারের মানুষদের সঙ্গে। জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে পপি বলেন, ‘সে রকম পরিকল্পনা নেই। ঘরোয়া ভাবেই দিনটি কাটছে। মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাসার সবাইকে নিয়ে কেক কেটেছি। মূলত পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটছে।’
১৯৭৯ সালের এই দিনে খুলনায় জন্মগ্রহণ করেন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
দীর্ঘ অভিনয়জীবনে প্রায় আড়াইশ সিনেমায় কাজ করেছেন পপি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
তবে সময় বদলেছে, বদলেছে পপির জীবনও। সিনেমা থেকে দীর্ঘদিন দূরে থাকা এই অভিনেত্রী এখন পরিবারকেই দিয়েছেন জীবনের বড় অংশ। নিজের পুরোনো জন্মদিনের কথা মনে করে পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। এখন সেই দিনগুলো মিস করি। তবে বর্তমান জীবন নিয়েও আমি বেশ শান্তিতে আছি।’
প্রায় ছয় বছর ধরে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন পপি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি নেই। স্বামী আদনান উদ্দিন কামাল ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে বর্তমানে তার সংসারজীবন।
জন্মদিনে তাই পুরোনো সেই ব্যস্ততার কথা মনে পড়লেও বর্তমান জীবন নিয়েই সন্তুষ্ট পপি। আলো-ঝলমলে চলচ্চিত্রজগতের বাইরে থেকেও নিজের মতো করেই বিশেষ দিনটি কাটাচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution