বাউস্টে ছাত্রকল্যাণ উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় স্পোর্টস ক্লাবের আয়োজনে ৯ম আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টটির অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ পরস্পরের মুখোমুখি হয়। এতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্যবসায় প্রশাসন বিভাগ।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আক্রমণাত্মক ব্যাটিং, কার্যকর বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ের সমন্বয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের খেলোয়াড়রা পুরো খেলা জুড়ে নিজেদের দক্ষতার পরিচয় দেন। খেলার প্রতিটি মুহূর্তে শিক্ষার্থী ও সমর্থকদের উচ্ছাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ব্যবসায় প্রশাসন বিভাগ ও রানার্স-আপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অবঃ), বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাকে খেলাকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকরা করতালি, উচ্ছাস ও বিভিন্নভাবে নিজেদের দলকে উৎসাহিত করেন।
বিশেষ করে খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দর্শকদের প্রাণবন্ত সমর্থন খেলাটির উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দলীয় চেতনা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আন্তঃবিভাগীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।