
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৪:২৬ পি.এম
কুয়াশা-শিশিরে ঋতু বদলের আভাস, উত্তরে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। ঝাপসা হয়ে আসে দূরের পথ, ঘাসের ডগায় জমে শিশিরবিন্দু। হিমেল বাতাসে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা নীলফামারীর ডোমারে ভোরের এমন আবহাওয়ায় বদলে যাচ্ছে প্রকৃতির চেনা রূপ। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ছড়িয়ে পড়লে ধীরে ধীরে কাটতে শুরু করে কুয়াশা।
স্থানীয়দের ভাষ্য, চলতি মৌসুমে এটিই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ভোরে কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের আভাস।
স্কুলশিক্ষার্থী সাদিক ও জিহাদ জানায়, এখনো পুরোদমে শীত শুরু না হলেও সকালের কুয়াশা দেখতে বেশ ভালো লাগছে। কুয়াশা উপভোগ করতে তারা সকাল সকাল ঘুম থেকে উঠছে। তাদের ভাষ্য, সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত কুয়াশা থাকে। এরপর চারপাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়।
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আইয়ুব আলী জানান, আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে অক্টোবরেই পুরোদমে শীত নামবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের ১০ তারিখে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution