
ধর্মের কারণে মানুষের মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথি এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে তিনি সেখানে গাড়ি থেকে নেমে বক্তব্য দেন।
পথসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এই দেশের মাটিতেই আমাদের বেড়ে ওঠা। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার। এ দেশ আমাদের সবার, এ দেশের ওপর আমাদের সবার অধিকার রয়েছে। এ দেশের প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।’
সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই সবার প্রত্যাশা হওয়া উচিত।
এর আগে সকালে সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। পথে তারাগঞ্জের নতুন চৌপথি এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে নির্মিত মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন। সেখানে প্রায় দেড় থেকে দুই মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর রংপুর সফরকে কেন্দ্র করে তারাগঞ্জ ও আশপাশের এলাকায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution