
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৭:১৯ পি.এম
ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের মুল হোতা আটক

কুড়িগ্রামের ভূরুংগামারীতে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের মুল হোতা রশিদুল ইসলাম রতন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ০৪ লক্ষ টাকা মূল্য মানের ভারতীয় অবৈধ মোবাইলসহ তাকে আটক করা হয়। সে উপজেলার বঙ্গ সোনা হাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের
মোঃ তফিজ উদ্দিনের পুত্র। পুলিশ জানিয়েছে,উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় ভারতীয় মাদক ও বর্ডারক্রস মোবাইল চোরাকারবারের এক অভয়ারণ্য গড়ে তুলেছিলো এই রতন। তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময়ে একাধিকবার অভিযান চালায় পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুংগামারী থানা পুলিশের একটি ছদ্মবেশী দল রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ক্রয় বিক্রয়ের সময় রতনকে হাতে-নাতে আটক করে।
পুলিশ আরো জানায়, বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত রতন মূলত ভারতীয় মাদক ও মোবাইল ফোনের ব্যবসা করতো। রতনের মাধ্যমে এসকল ভারতীয় চোরাই মোবাইল দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে ছড়িয়ে পড়তো। রতন ও তার কিছু নিকট আত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালিত হতো।
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেফতারকৃত রতনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution