
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৭:৩৯ পি.এম
ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, স্বীকৃতি দাবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উপজেলা আহ্বায়ক রফিকুল হাসান রঞ্জুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব ) মোঃ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর-জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম মতি, সাবেক সহ-কমান্ডার এ টি এম শাহজাহান মানিক,উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ নভেম্বর দেশের প্রথম উপজেলা হিসেবে ভূরুঙ্গামারী হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাবসেক্টরের মুক্তিযোদ্ধারা দক্ষিণ দিক খোলা রেখে উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১৩ নভেম্বর মুক্তিবাহিনী মর্টার, কামানসহ ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে। একই সময়ে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। একপর্যায়ে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ বন্ধ করে পিছু হটে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান নেয়।
১৪ নভেম্বর ভোরে মুক্তিবাহিনী বিজয়ের স্লোগান দিয়ে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। ওই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন আতাউল্লা খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন আটক হন।
মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সিও অফিসের দোতলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে কয়েকজন নারীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের অনেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নির্যাতনের শিকার ১৬ জন নারীকে উদ্ধার করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ১৪ নভেম্বর ভূরুঙ্গামারীবাসীর কাছে গৌরবের এক ঐতিহাসিক দিন। প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা হিসেবে ভূরুঙ্গামারীকে সরকারি ভাবে স্বীকৃতির দাবি জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution