নদীতে পানি কমে যাওয়ায় নৌকা পারাপার আগের মতো নেই। এখন শুধু মাত্র ৬ - ৭ মাস খেয়াঘাটে নৌকা পারাপার থাকলেও বাকি ৫-৬ মাস পানি সংকটে বন্ধ থাকে স্থানীয় খেয়াঘাট। স্থানীয় মাঝি সাইফুল ইসলাম বলেন, আগে মানুষ নৌকায় পারাপার হতো। এখন শীতকালের শুরুতেই নদীতে পানি থাকে না। মানুষ হেঁটে নদী পার হয়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি রয়েছে। খেয়া পারাপারের উপর নির্ভর করে আর সংসার চলে না।
নদীতে পানি না থাকায় কমেছে মাছের প্রাপ্যতাও। এতে বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের পেশাদার জেলেরা। তিস্তাপাড়ের জেলে অনন্ত, বিপুল ও নবানুদের জীবন জীবিকায় নেমে এসেছে চরম অনিশ্চয়তা। তারা বলেন, নদীতে আগের মতো পানি থাকে না। পানি না থাকলে মাছ থাকে কোনটে ( কোথায়) । সারাদিন জাল নিয়া ঘুরি বেড়াইলেও ( বেড়ালেও) সংসারের খরচ জোটপার ( জোগানোর)পাই না । বাধ্য হয়া মাছ ধরা পেশা ছাড়ি কামলা খাটি সংসার চলা নাগে ( লাগে)।
নদীর পানির ওপর নির্ভরশীল কৃষকেরাও পড়েছেন বিপাকে। একদিকে পানি সংকট, অন্যদিকে সেচ খরচ তিন থেকে চারগুন বৃদ্ধি পেয়েছে । স্থানীয় কৃষক শরিফুল ইসলাম জানান, কয়েক বছর আগেও তিস্তার পানি দিয়েই জমিতে সেচ দিতে পারতেন।
তখন সহজেই পর্যাপ্ত পানি পাওয়া যেত। এখন নদীতে পানি কমে যাওয়ায় বোরিংয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। নদীতে পানি কমে যাওয়ায় দিনে দিনে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। ফলে জমিতে আগের তুলনায় দ্বিগুন সেচ দিতে হয়। এতে উৎপাদন খরচও বেড়ে গেছে এবং ফলনও কমে গেছে।
কৃষক ওহেদুল মিয়া বলেন, এখন নদীত নামলে খালি বালু আর বালু। কাতি( কার্তিক) মাস পরলেই নদীত পানি থাকে না,নদী মরি( মরে) যায়। পুরা নদী শুকিয়া বালুচর হয়া যায় । বালুত আবাদ তো হয়েই না, চলাচল করতেও খুব কষ্ট হয় হামার। কায়ও অসুস্থ হইলে ঘাড়োত ( কাঁধে) করি নিয়া যাওয়া নাগে ( লাগে)। নদীত পানি না থাকলে চলাচলের খুব সমস্যা হয়।
তিস্তার পানি সংকটের কারণে জীববৈচিত্রে ব্যাপক পরিবর্তনের মধ্যে হুমকির মুখে পরেছে জলজ প্রাণীর আবাসস্থল, প্রজননক্ষেত্রের সংকট, ফলে মাছের প্রজাতির বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। দিনদিন বেড়েই চলেছে রাসায়নিক দূষণ, মরুকরণ ও উদ্ভিদবৈচিত্র্যের ক্ষয়, সেচসংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধি জীবিকা ও অর্থনৈতিক সংকটের মতো প্রভাবগুলো দৃশ্যমান হচ্ছে।
নদী গবেষকদের মতে, নদীতে পানি কমে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে, তিস্তা নদী থেকে উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার, ভূরাজনৈতিক জটিলতা,জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই প্রধান কারণ হিসবে দেখছেন তারা।পাশাপাশি এই সংকট নিরসনে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহনের দাবীও জানান তাঁরা।
এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সোহেল মিয়া বলেন, কয়েক বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা শুনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ‘চলো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচী তিস্তা পারের মানুষের মধ্যে আশার সঞ্চার করলেও, বর্তমান ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী আসাদুল হাবীব দুলু'র বক্তব্যে উঠে আসে হতাশার বাণী , ' তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কী ছেলের হাতের মোয়া'। তাঁর এই বক্তব্যে নেট দুনিয়ায় যেমন তোলপাড় শুরু হয়েছে। তেমনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন লালনকারীদের মধ্যেও হতাশার ছাপ লক্ষ্য করা যাচ্ছে ।
লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, বছরের পর বছর আশ্বাস শুনেও তিস্তাপাড়ের মানুষ প্রত্যাশিত সমাধান পাচ্ছেন না। তিনি বলেন, তিস্তায় পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা একন সময়ের দাবী। মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় নদীপাড়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
তিস্তা নদী রক্ষা কমিটির (বাপা) সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, তিস্তার স্বাভাবিক প্রবাহ ব্যহত হওয়ায় নদীটি অনেকটা মরা খালে পরিনত হয়েছে।
শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই, নদীর বুক জুড়ে বালুচর জেগে উঠে । তাঁর অভিযোগ, উজানে একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তায় পানির প্রবাহ কমে যায়, যা আন্তর্জাতিক অপরাধ । ফলশ্রুতিতে এর সরাসরি প্রভাব পড়ছে নদী পারের জীববৈচিত্র্যের উপর ।
তিস্তার পানিসংকটের প্রভাব সম্পর্কে গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুবেল হুসেন বলেন, নদীতে পানি না থাকায় সেচ ক্যানেলগুলো অকেজো হয়ে পড়েছে। এতে কৃষকদের সেচ ব্যয় তিন থেকে চার গুণ বেড়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, পানির অভাবে তিস্তার দেশীয় মাছের প্রজননক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে মাছের উৎপাদন কমার পাশাপাশি জেলেদের কর্মসংস্থানও সংকুচিত হচ্ছে। তবে নদীর যেসব স্থানে এখনো পানি রয়েছে, সেসব জায়গায় দুই পাশে নেট দিয়ে নির্দিষ্ট এলাকা ঘিরে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে মাছের উৎপাদন ও সংরক্ষণ বাড়ার পাশাপাশি স্থানীয় জেলেরাও উপকৃত হবেন।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, উজান থেকে পানির প্রবাহ কমে যাওয়ায় তিস্তা ব্যারাজে পানির পরিমাণ কমছে। শুষ্ক মৌসুমে এ সংকট আরও প্রকট হয়। এতে ব্যারাজনির্ভর সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ভাটির দিকে প্রয়োজনীয় পানি সরবরাহ কঠিন হয়ে পড়ে।
উজানে ভারী বৃষ্টিপাত বা পাহাড়ি ঢল হলে নদীতে পানি বাড়ে, আবার পানির প্রবাহ কমে গেলে দ্রুত নেমে যায়। এ কারণে তিস্তার পানিপ্রবাহে মৌসুমভেদে বড় ধরনের পরিবর্তন দেখা যায়।