

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজারহাটের সাতটি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৩টি। এসব বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ ৭৬৬টি। এর মধ্যে মাত্র ৫২টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি ৭১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ের মধ্যে ২০টিতে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন। অন্য ৫১টিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে ৩১টি।
১২৩টি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৬ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ছেলে ৮ হাজার ৩১ জন এবং মেয়ে ৮ হাজার ৮১২ জন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে নিয়মিত প্রধান শিক্ষক ছাড়াই। ফলে সংকটটি কেবল একটি পদ শূন্য থাকার মধ্যে সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রতিদিনের শিক্ষা কার্যক্রমে।
প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া সহকারী শিক্ষকদের একদিকে নিয়মিত ক্লাস নিতে হচ্ছে, অন্যদিকে সামলাতে হচ্ছে বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কাজ। নথিপত্র সংরক্ষণ, দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান, বিভিন্ন প্রতিবেদন তৈরি ও শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ—সব দায়িত্বই তাঁদের কাঁধে।
জরুরি প্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসে ছুটতে হলে শ্রেণিকক্ষেও তৈরি হচ্ছে শিক্ষকসংকট। ফলে একজন শিক্ষককে দিয়ে পাঠদান ও প্রশাসনিক কাজ একসঙ্গে চালানোর এই বাস্তবতায় শিক্ষার্থীরা কতটা মানসম্মত শিক্ষা পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুদু মিয়া বলেছেন, ‘প্রতিদিন আমাকে তিন থেকে চারটি ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। একদিকে ক্লাসের চাপ, অন্যদিকে প্রশাসনিক কাজ—সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে।’
চাকিরপাশার ইউনিয়নের নীলেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া ইফতেখার হোসেন রাঙ্গা বললেন, ‘প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে। জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এ কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান কমে যাচ্ছে।’
সংকটের আরেকটি দিক হলো, কতজন শিক্ষক উপজেলা, জেলা, বিভাগ কিংবা বিভাগের বাইরে ডেপুটেশনে কর্মরত রয়েছেন, তার সুনির্দিষ্ট তথ্যও নেই শিক্ষা অফিসে। ফলে কোথায় প্রকৃত শিক্ষকসংকট কতটা প্রকট, কোন বিদ্যালয়ে পাঠদান বেশি ব্যাহত হচ্ছে—তার পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ করাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষকসংকটের পাশাপাশি তথ্যের এই ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান বলেছেন, ‘প্রধান শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টির সঙ্গে পদোন্নতির বিষয়টি জড়িত। পদোন্নতি হলে প্রধান শিক্ষকের পদগুলো আর শূন্য থাকবে না। আমরা শূন্য পদের তালিকাসহ প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। গ্রেডেশন ও পদোন্নতির তালিকা আগামী ১৯ নভেম্বরের মধ্যে পাঠানো হবে। আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution