
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৭:২৯ পি.এম
পীরগঞ্জে জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৫

রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া হলেও ২ জন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের ফতেপুর (বুজরুক) গ্রামের বাসিন্দা শুকুর আলী (৬৩) দীর্ঘদিন ধরে একই গ্রামের কয়েকজনের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছেন।
এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর বিকেলে অভিযুক্তরা লাঠি, ধারালো ছোরা ও লোহার সাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি মারধর করা হয়। একপর্যায়ে শুকুর আলীর স্ত্রী নাজমা বেগমকেও এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে এক অভিযুক্ত ধারালো ছোরা দিয়ে শুকুর আলীর মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শুকুর আলী পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution