সাধারণ মানুষ যেন সহজে, স্বচ্ছতার সঙ্গে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের সেবার ধরন, সেবা পাওয়ার প্রক্রিয়া, নাগরিকদের অধিকার এবং সরকারি দপ্তরগুলোর দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন। সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হন, সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
প্রতিনিধিরা জানতে চান, স্থানীয় পর্যায়ে সরকারি সেবাগুলো সাধারণ মানুষের কাছে কতটা সহজলভ্য, সেবা প্রদানে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হচ্ছে এবং নাগরিকদের অভিযোগ ও সমস্যার সমাধানে প্রশাসনের ভূমিকা কী। পাশাপাশি সরকারি সেবা সম্পর্কে জনগণকে আরও বেশি অবহিত করা এবং সেবাপ্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তাঁরা।
এ সময় নাগরিক প্রতিনিধিরা বলেন, সরকারি সেবা সম্পর্কে নাগরিকদের জানার অধিকার রয়েছে। কোন দপ্তর থেকে কী ধরনের সেবা পাওয়া যায়, সেবার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন এবং সেবা পেতে কত সময় লাগে, এসব তথ্য সাধারণ মানুষের কাছে স্পষ্ট থাকা জরুরি। সেবা প্রদানে কোনো ধরনের অনিয়ম, হয়রানি বা দীর্ঘসূত্রতা থাকলে সে বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
সংলাপে সোশ্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড), রংপুরের নির্বাহী পরিচালক সারথী রানী সাহা এবং সীডের কার্যনির্বাহী কমিটির সদস্য আজাদ মোস্তফা আনছারী উপস্থিত ছিলেন।
আলোচনায় নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং জনগণের সঙ্গে প্রশাসনের কার্যকর যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নাগরিকদের প্রত্যাশা ও সরকারি সেবার বাস্তব চিত্র প্রশাসনের সামনে তুলে ধরার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও নাগরিক প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।