
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ১০:৪৩ পি.এম
হিলিতে ইউপি বহালের দাবীতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার প্রসঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউপি সদস্যরা। এতে ১ নং খট্রামাধবপাড়া, ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ ও ৩নং আলীহাট ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের হাতে স্মারক লিপি তুলে দেন ইউপি সদস্যরা। ইউপি কয়েকজন সদস্য বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দায়িত্বে অধিষ্ঠিত। আমরা স্থানীয় সরকারের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরকারের পক্ষে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধিত্ব করি।
ফলে দেশের প্রান্তিক পর্যায়ের জনগণ সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা আমাদের মাধ্যমে পেয়ে থাকে। আমরা স্থানীয়ভাবে কৃষি কর্মকান্ড, সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, বাল্য বিবাহ রোধ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা, পারিবারিক কলহ রোধ, সামাজিক সুরক্ষা, ওয়ারিশন সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্রেডলাইসেন্স মত গুরুত্বপূর্ণ সেবা সমূহ সহ সরকার কর্তৃক নির্দেশিত সকল প্রকার সেবা সমূহ প্রদান করে থাকি। শুধুমাত্র আমাদের মাধ্যমেই এই সকাল নাগরিক সেবা দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে প্রদান করা সম্ভব।
এমতাবস্থায় হঠাৎ করে যদি চলমান ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করা হয় তাহলে দেশের আপামর জনসাধারণ শুধু নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক অন্তরায় সৃষ্টি হবে। তাই আমরা সদাশয় সরকারের নিকট ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করা সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution