
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৯:৫০ পি.এম
তেঁতুলিয়ায় মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ ঘন্টা সড়ক অবরোধ ব্যবস্থার আশ্বাস লে. কর্নেল জিয়াউল হক
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় বিজিবির বিরুদ্ধে মাদক দিয়ে এক ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভাঙ্গীপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হাজারো জনতা ইউপি চেয়ারম্যানের বাসায় এসে হাজির হয়। এক পর্যায়ে প্রায় ৫ ঘন্টা ধরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে সড়কের দুইধারে শতাধিক যানবাহন আটকে পড়ে। গন্তব্যে যেতে দূর্ভোগ পোহাতে হয় পথচারী সহ যাত্রীদের। পরে দীর্ঘ সময় ধরে আলোচনার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের কয়েকজন সদস্য তেতুঁলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিনের বাসায় আসেন। পরে তারা ইউপি চেয়ারম্যানের প্রয়োজন জানিয়ে বাকীদের ঘরের বাইরে যেতে বলেন। এক পর্যায়ে ১০ থেকে ১৫ জন বিজিবি সদস্য চেয়ারম্যানের বাসায় এসে পুরো বাড়ি ঘিরে ফেলেন। পরিবারের সদস্যরা বাইরে গেলে ইউপি চেয়ারম্যানকে তার রুমে নিয়ে যান। পরে তারা ঘর তল্লাশির কথা বললে আপত্তি করেন নি ইউপি চেয়ারম্যান।
এক পর্যায়ে ঘরের একটি টেবিলের নিচে একটি বস্তায় ১০৭ বস্তা ফেনসিডিল পায় বিজিবি সদস্যরা। পরে ইউপি চেয়ারম্যানকে স্থানীয় ভূতিপুকুর ক্যাম্পে নিয়ে যেতে শুরু করেন তারা। এক পর্যায় ইউপি চেয়ারম্যানকে ফাসানো হচ্ছে বলে দাবী করলে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা ছুঁটে আসেন। পরে এ ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে হাজারো জনতা ইউপি চেয়ারম্যান বাড়িতে হাজির হন। পরে তারা বিজিবির বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অতিরিক্ত বিজিবি সহ ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতা ঘটনাস্থলে ছুঁটে যান। পরে দীর্ঘ আলোচনাতে পরিস্থিতির সমাধান না হলে ইউপি চেয়ারম্যানের বাসায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। পরে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরে ফেনসিডিল নিয়ে বিজিবির কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যান।
কামরুজ্জামান নামে স্থানীয় এক ব্যাক্তি বলেন, বিজিবি ফেনসিডিল দিয়ে আমাদের ইউপি চেয়ারম্যানকে ফাসিয়ে দিচ্ছিলো। আমাদের চেয়ারম্যান তো মাদক তো দূরের কথা ধূমপানও করেন না। আমরা এ ঘটনায় জড়িতদের বিচার চাই।
নাজমুন সাকিবা নিশি নামে স্থানীয় এক গৃহবধূ বলেন, ইউপি চেয়ারম্যানকে চক্রান্তমুলকভাবে ফাঁসানোর চেষ্টা করছিল বিজিবি। আমরা জানতে পেরে সবাই ছুটে আসি। ইউপি চেয়ারম্যানের মানহানিকর এমন কাজের বিচার চাই।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে ভূতিপুকুর বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য আমার বাসায় এসে ঘর তল্লাসী করতে চায়। পরে আমি তাদের বলি কি কারণে এমনটা করছেন তারা। আমার শোয়ার রুম দেখতে চেয়ে তারা ঘরের একপাশ থেকে ১০৭ বোতল ফেনসিডিল বের করেন। অথচ আমি কখনো মাদক গ্রহন তো দূরের কথা ফেনসিডিল দেখিইনি। তারা আমাকে ফাঁসানোর অপচেষ্টা করছে শুনে হাজারো জনতা আমার বাসায় ছুঁটে আসেন। পরে তারা পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক অবরোধ করে দেয়।
পরে প্রশাসনের আশ্বাসে তারা সব প্রত্যাহার করেন। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি। যাতে আর কাউকে ফাঁসানোর চেষ্টা না করা হয়। তেতুঁলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, শুক্রবার দুপুরে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুঁটে যাই। পরে জানতে পারি বিজিবি ইউপি চেয়ারম্যান মোসলেমের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী করতে যায়। এনিয়ে স্থানীয়দের সাথে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আমি ও বিজিবির অধিনায়ক তদন্ত করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, একটি ভূল বোঝাবুঝির কারণে এমন উদ্ধুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution