

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে ভারত। দুই দল দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছ পুনেতে। দ্বিতীয় দিন শেষে হারের শঙ্কায় থাকে স্বাগতিকরা। অবশেষে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারলো রোহিত শর্মার দল। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে মিচেল স্যান্টনারের অবিশ্বাস্য বোলিংয়ে ভারতকে ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল কিউইরা।
এমন হারের জন্য স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তোলার অভাবে ভারতকে ভুগতে হয়েছে বলে মনে করেন রোহিত শর্মা। তবে একইভাবে এই হারের জন্য সমষ্টিগত ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে সাংবাদ সম্মেলনে রোহিত বলে দিয়েছেন, ‘এটা সমষ্টিগত ব্যর্থতা। আমি সেরকম ব্যক্তি নই যে ব্যাটার অথবা বোলারদের দায়ী করবে।’
হতাশা প্রকাশ করে রোহিত বলেন, ‘সত্যি বলতে, খুবই হতাশার। এমন ফল প্রত্যাশা করিনি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে কৃতিত্ব দিতে হবে। ওরা খুবই ভালো খেলেছে। আমরা বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সামনে পড়েছিলাম। সেই চ্যালেঞ্জগুলো পেরোতে পারিনি বলেই আমরা এই পরিস্থিতিতে।’
হারের কারণ খুঁজতে গিয়ে কোনও অজুহাত দেননি রোহিত। পরিষ্কার করে জানান, ‘একদম সহজ কথা, আমরা ভালো ব্যাটিং করিনি। টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়াটা নিঃসন্দেহে জরুরি। কিন্তু এর জন্য ব্যাটারদেরও বোর্ডে রান তুলে দিতে হবে। বোলারদের লড়াইটা তা হলেই পূর্ণতা পাবে। প্রথম ইনিংসে ১০০ প্লাস লিড দেওয়াটাই পার্থক্য হয়ে দাঁড়িয়েছিল। বোর্ডে ৩৫৯ রানের লক্ষ্য ছিল। এই রানটাও তাড়া করার চেষ্টা করেছিলাম। তবে আবারও বলব, আমরা চ্যালেঞ্জ নিতে পারিনি।’
ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হারলেও রোহিত তা নিয়ে ভাবছেন না। ম্যান ইন ব্লুদের অধিনায়কের ভাষ্যে আমরা যদি টানা হারতাম তাহলে একটা ব্যাপার হত।
রোহিত বলেন, ‘আমরা ভাল ক্রিকেট খেলেছি বলেই আমাদের উপর সকলের প্রত্যাশা বেড়ে গিয়েছে। এখন সকলে ভাবে আমরা নামলেই জিতব। কিন্তু বাকি দলগুলোও তো আমাদের দেখছে। ওরা দেখছে যে আমরা কী ভাবে খেলছি। আমরা কেন এত সফল? সেই অনুযায়ী ওরাও পরিকল্পনা তৈরি করছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কয়েকটা দিন খারাপ হতেই পারে। যদি আমরা টানা হারতাম তা হলে ভয়ের ব্যাপার হত। তা তো হয়নি। আমরা দেশের মাটিতে দাপট দেখিয়েছি। তাই এই দুই হারে এত ভাবার কিছু নেই।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution