
বিগত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে লটারির ভিত্তিতে ভর্তি নিয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মেধাশূন্য করার ‘লটারি ভর্তি’ প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে জিলা স্কুলের সামনে এ মানববন্ধনে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকেরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে লটারির ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেয়ার প্রথা চালু করা হয়েছিল। যার কারণে যে শিক্ষার্থী এসকল স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনার যোগ্য না, তারাও সুযোগ পায়। এতে বয়স ও মেধার পার্থক্যের ফলে শিক্ষকদের বোঝাতে অসুবিধাসহ আমাদের পড়াশোনার গতি কমে যায়। এভাবে চলতে থাকলে আমাদের মেধার বিকাশ হবে না, আমরা পিছিয়ে পড়বো।
মানববন্ধন সমাবেশে মেধার ভিত্তিতে ভর্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এসময় কাচারি বাজার থেকে ডিসির মোড় পর্যন্ত মূল সড়কের একটি লেন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution