
বন্ধ সমস্ত কলকারখানা গুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার বিকেলে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন শেষে অংশীজনদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদি শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণ তো শোধ করতেই এই নির্যাতিত কৃষক শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আপনাদের কাছে এই কথা পৌছে দিতে এসেছি যে আমরা কল কারখানা চালু করতে চাই। বন্ধ সমস্ত কলকারখানা আমরা চালুর পাশাপাশি নতুন উদ্যোগও নেয়া হবে। কালকেই চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না। তবে যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি। আমরা কাজ শুরু করে দিয়েছি।
তিনি আরো বলেন, আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নয়নের চেষ্টা করছি। এই কারণেই এখানে আসা। যেন উত্তরাবাংলায় আবারো কাজের আবার পরিবেশ তৈরি হয়। মানুষ যেন তার পেশায় ফিরে যেতে পারে। সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ। কৃষকদের সাপোর্ট দেয়াই একটা জনসমর্থিক সরকারের কাজ। আমরা চেষ্টা করছি একটার পর একটা বন্ধ কারখানা চালু করার। আমরা যতদূর পারি খুলে দিয়ে যাবো। পরে যারা আসবেন তারা এটি চালিয়ে নিবেন। গত সরকারের পার্টনারশিপ পরিকল্পনার পরিণতি এই রক্তাক্ত বাংলাদেশ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাবেত আলীর সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আব্দুল আজিজ, পঞ্চগড় সুগার মিলের ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সুগার মিলের কর্মকর্তা-কর্মচারী, আঁখচাষী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, শিল্প উপদেষ্টা পঞ্চগড় চিনিকলের বন্ধ কারখানা, পড়ে থাকা মিলের নানা সরঞ্জাম পরিদর্শন করেন। এসময় তিনি বন্ধ চিনিকলটি চালুর ব্যাপারে অংশীজনদের আশ্বস্ত করেন।
পরে শিল্প উপদেষ্টা পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পঞ্চগড় জেলার শহীদ পরিবারের সদস্যগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। এসময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে অর্ন্তবর্তী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution