
প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৭:৪৯ পি.এম
মিঠাপুকুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বিদ্যালয়টিতে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করা হয়।
মানববন্ধনে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবক সদস্যরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আজিজুর রহমান তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরি দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও বিদ্যালয়ের গাছ বিক্রি, দোকান ভাড়া, বিদ্যালয়ের নামে কৃষি জমি থেকে আয় এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের টাকা আত্মসাৎ করেছেন তিনি। সবমেলে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এমনকি বিদ্যালয়ের খেলার মাঠ নিয়েও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের খেলার মাঠের বেহাল অবস্থা। আমাদের খেলাধুলা করার মতো পরিবেশ নেই। খেলার মাঠে হাট বসার কারণে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। সবশেষ মাঠটি আমরা খেলাধুলার উপযোগী করে তুলে দুটি গোলবারের জন্য প্রধান শিক্ষককে বলি কিন্তু তিনি আমাদের কথা রাখেননি। আমাদের প্রশ্ন বিদ্যালয়ের এতগুলো টাকা গেল কই? আমরা বিদ্যালয়ের সকল আয়ের হিসাব চাই এবং প্রধান শিক্ষকের অপসারণ চাই।
এ বিষয়ে প্রধান শিক্ষক আজিজুর রহমান সকালের বাণীকে বলেন, আমি নির্দোষ আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। অতীতে যারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের মধ্যে কয়েকজন ছোট বাচ্চাদের উস্কে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন সকালের বাণীকে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষক অনিয়মের সাথে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution