


বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ ও উপজেলা পর্যায়ে খেলাধুলায় গুরুত্ব রাখতে সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে রংপুরের গঙ্গাচড়াতে শুরু হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঐতিহাসিক মন্থনার ফুটবল মাঠে জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মো. রুহুল আমিনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহুল আমিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার নাহিদ সুলতানা, বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি শামসুজ্জামান আকতার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপ্টন, কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু, সাধারণ সম্পাদক শাহ জালাল, বড়বিল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইয়েদুন্নবী কাইয়ুম, নোহালী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শহীদ জিয়া পরিবারের সাথে সংঘটিত অন্যায়-অত্যাচারের বিষয়গুলো সম্পর্কে জনগণের সামনে তুলে ধরা এবং ক্রীড়ামোদীদের মাঝে আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে শহীদ জিয়া পরিবারের অবদান পৌঁছে দেওয়ার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন। রংপুর জেলার আটটি উপজেলা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মিঠাপুকুর উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে বদরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করার মাধ্যমে উদ্বোধনী ম্যাচ শেষ হয় ।